নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এতে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি উত্থাপন করেন।
অপ্রাপ্ত বয়স্কদের অর্থাৎ, ৬ থেকে ১৬ বছর বয়সিদের নিবন্ধনের জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তাব দেন ইসি সচিব। তবে বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সভার সিদ্ধান্ত মোতাবেক ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এনআইডি সংক্রান্ত বিষয়ে কর্মশালা আয়োজন করে সুপারিশ উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে নির্দেশনা দেন।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দিয়ে আসছে কমিশন। এর নিচের বয়সি নাগরিকদের মাঝে এ সেবা চালু করার দাবি জানিয়েছে আসছে বিভিন্ন মহল।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
এমএইচএইচ/এএইচ