০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
রাজধানীর ডেমরার দক্ষিণ হাজিনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে জোসনা বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পরে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সাদ্দাম হোসেন জানান, আমরা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ডেমরা দক্ষিণ হাজিনগর জনির টিনসেড বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পারি, নিহতের স্বামী মো. ফারুক ‘আলিফ’ পরিবহনের একটি বাসের চালক। পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে ওই নারী ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। পরবর্তীতে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে বিকালের দিকে ঢামেক মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতে স্বামী মোহাম্মদ ফারুক জানান, আমি বেশ কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম। আমি পেশায় বাসের চালক। আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ রুমে কাঠের ডাসার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আমার স্ত্রী ফাঁস দেয়। সে গৃহিনী ছিল।
তিনি দাবি করেন, ‘আমাদের সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার পরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঝগড়া তো সব পরিবারেই হয় বলেন। তবে সে এভাবে চলে যাবে, এটা মেনে নিতে পারছি না।’
ফারুক আরও জানান, ‘আমার স্ত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কৃষ্ণনগর গ্রামে। তার বাবার নাম আবু কালাম। আমরা ডেমরা দক্ষিণ হাজীনগর এলাকার ২৭৩ নং জনির টিনসেড বাসায় থাকি। আমার তিন মেয়ে, এক ছেলে।
এমএমআর/এএইচ