Dhaka Mail Logo

জাতীয়

কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় ৪ নেতা ও ‘জয় বাংলা’

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’র নামে থাকা পাঁচটি জাহাজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নাম পরিবর্তনের তালিকা অনুযায়ী, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।

এ ছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে। অন্যদিকে, ‘বিসিজিএস জয় বাংলা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসরিকা হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, কোস্টগার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চারটি জাহাজের নতুন নাম যাঁদের নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।

এআর