নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
দেশের সব কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাতটি পদক্ষেপ নিয়েছে কারা অধিদফতর। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- লকআপের পরবর্তী কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে নিয়মিত তদারকি করা।
বাংলাদেশ কারা অধিদফতর বলছে, কারাগারে কর্তব্য পালনে অবহেলা, শৃঙ্খলাহীনতা ও বিদ্যমান নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ না করার কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি এবং সংশোধনাগারগুলোর সার্বিক ব্যবস্থাপনা ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম বলেন, ‘নির্দেশনাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে কারা অধিদফতর ইতিমধ্যে পর্যবেক্ষণব্যবস্থা জোরদার করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সারা দেশের প্রতিটি কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে এবং সব কারাগারকে কারা কর্তৃপক্ষের কাছে নিয়মিতভাবে মতামত জমা দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্দেশনাগুলো কতটা মানা হচ্ছে, তা পর্যবেক্ষণের জন্য অধিদফতরের অপারেশনাল শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধিদপ্তর ডেপুটি জেলারসহ অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগও নিয়েছে। তাঁদের সারা দেশের কারাগারগুলো পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে।’
অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘অধিদফতরের নির্দেশনাগুলোর অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন নিশ্চিত করেছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই এসব পদক্ষেপের সুফল দৃশ্যমান হবে বলে আশা করা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনে অবহেলার জন্য দোষী সাব্যস্ত কারাকর্মীদের এক কারাগার থেকে অন্য কারাগারে বদলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।’
নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত জরুরি ক্ষেত্র ছাড়া লকআপ-পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে হবে। যেকোনো ব্যতিক্রমী ব্যবস্থার জন্য জেলারের লিখিত অনুমোদন, নির্দিষ্ট সময়সীমা এবং সংশ্লিষ্ট রেজিস্টারে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে।
এই নির্দেশিকায় প্রতিটি কারাগারে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে পৃথক পর্যবেক্ষণকক্ষ স্থাপন করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ কারারক্ষীদের নিয়োগ করতে হবে। আর যেখানে নির্দিষ্ট পর্যবেক্ষণকক্ষ নেই, সেখানে নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে উপযুক্ত স্থানে মনিটর স্থাপন করতে হবে।
অতিরিক্ত মহাপরিচালক কর্নেল সেলিম বলেন, ‘নিরাপত্তাজনিত ত্রুটি রোধ করতে অধিদফতর দায়িত্বের স্থান থেকে অননুমোদিত অনুপস্থিতির ক্ষেত্রে শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করেছে।’
তিনি আরও বলেন, ‘কোনো প্রহরী বা অন্য কোনো পাহারাদার কর্মীকে অনুমতি ছাড়া নির্ধারিত স্থান ত্যাগ করতে দেখা গেলে তা অবিলম্বে লিখিতভাবে জানাতে হবে এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
অবহেলা বা অননুমোদিত অনুপস্থিতির ঘটনা গোপন করা, প্রতিবেদন দিতে বিলম্ব করা বা তা এড়িয়ে যাওয়া কিংবা দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্য তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে বলে জানান এই কর্মকর্তা।
এই নির্দেশিকায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বারবার অভিযুক্ত পাহারাদার কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, কাউন্সেলিং ও অনুপ্রেরণামূলক ব্যবস্থারও বিধান রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ও প্রশাসনিক স্বার্থে এ ধরনের কর্মীদের বদলি করা হতে পারে অথবা বিদ্যমান প্রবিধান অনুসারে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘বৃষ্টি ও বজ্রপাতসহ প্রতিকূল আবহাওয়ার জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। প্রহরী কর্মীদের অবশ্যই তাঁদের নির্ধারিত স্থানে থাকতে হবে এবং দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।’
অধিফতরের কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তত্ত্বাবধান এবং আকস্মিক পরিদর্শনের নির্দেশ দিয়েছে। তাঁরা নিরাপত্তাচৌকি, সিসিটিভি পর্যবেক্ষণব্যবস্থা, প্রহরীদের দায়িত্ব ও নিরাপত্তাব্যবস্থার সামগ্রিক কার্যকারিতা পরীক্ষা করবেন এবং যেকোনো ত্রুটি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
আগস্টে জারি করা সাত দফা নির্দেশনায় সতর্ক করা হয়েছিল, কারাগারের অভ্যন্তরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো কারা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বিরূপ জনমত সৃষ্টি করতে পারে। অধিদফতর নিরাপত্তার ত্রুটি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং কারা প্রশাসনের প্রতিটি স্তরে বৃহত্তর জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে অবিলম্বে এসব ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। সূত্র- বাসস
এএম