Dhaka Mail Logo

জাতীয়

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন ২৫ নভেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর (বুধবার) ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ সভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোসাইটির রাষ্ট্রপতির আদেশ নং ২৬/১৯৭৩ এবং গঠনতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থাপনা পর্ষদের নির্ধারিত পদগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইউনিট থেকে পাঠানো ডেলিগেটদের তথ্য যাচাই-বাছাই করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১৬ নভেম্বর তালিকার বিষয়ে আপত্তি ও আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ করা হবে। ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১৯ নভেম্বর তা যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে।

তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা, দায়িত্বশীল অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে কমিশন।

বিইউ/এআর