নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতায় মিরপুর এলাকার নাগরিক ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বুধবার (৪ নভেম্বর) মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া মিরপুরের দীর্ঘদিনের নাগরিক ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
এক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরে ডিএনসিসি প্রশাসক বলেন, বিদ্যালয়টিকে তিনি সবসময় নিজের প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেন। প্রতিষ্ঠানটির যেকোনো প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছেন। অতীতে বিদ্যালয়ের বিভিন্ন কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনেও অভিভাবক ও শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। মিরপুরের মতো জনবহুল এলাকায় বিদ্যালয়টির ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সিটি করপোরেশন বদ্ধপরিকর।
তিনি বলেন, মিরপুর এলাকার ফুটপাত দখলমুক্ত করায় সাধারণ পথচারী, নারী ও শিক্ষার্থীরা এখন তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারছেন। গার্লস আইডিয়াল স্কুলের সামনে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ফুটওভার ব্রিজের কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করা হবে। এতে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার সহজ হবে।
মিরপুর-১ কাঁচাবাজার সংলগ্ন প্রধান সড়কের যানজট ও জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে সড়ক ও ফুটপাত সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষকদের পাশাপাশি মা-বাবার কথা মেনে চলতে হবে এবং তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা ও চিপসের প্যাকেট না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে কিংবা নিজের সঙ্গে থাকা ব্যাগে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি জানান, আগামী বছরের পাঠ্যপুস্তকে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, দুই কোটি মানুষের এই বিশাল শহরে শুধু সিটি করপোরেশনের পক্ষে প্রতিদিন রাস্তাঘাট পরিষ্কার রাখা কিংবা মশা নিয়ন্ত্রণ করা কঠিন। এ জন্য প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলে পরিচ্ছন্ন ঢাকা গড়তে সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে।
এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগেও এলাকাবাসীকে পাশে থাকার কথা দিয়েছিলেন। ভবিষ্যতেও তাঁদের ছেড়ে কোথাও যাবেন না। তিনি বলেন, 'আপনাদের যেকোনো সমস্যা আমার সাধ্যের মধ্যে থাকলে তা এক সেকেন্ডও দেরি না করে আমি সমাধান করে দেবো।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসি প্রশাসক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এম/এএম