উপজেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
সাভারের হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। অনুরোধের পরও শ্রমিকরা সড়ক থেকে সরে না গেলে একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই সংঘর্ষের ঘটনায় চার সাংবাদিক ও সাভার মডেল থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চার-পাঁচটি কারখানার শ্রমিকরা সিংগাইর রোডের পদ্মার মোড় এলাকায় জড়ো হন।
আরও পড়ুন:
জানা গেছে, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর মালিকপক্ষ পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি ঘোষণা করে। তখন শ্রমিকদের একটি অংশ বাড়ি ফিরে গেলেও অন্য অংশটি সড়কে অবস্থান নেয়। পরবর্তীতে তাদের সড়ক থেকে সরাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় শ্রমিকরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তারা সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর চালানো হয়। সকাল সাড়ে নয়টা পর্যন্ত শ্রমিকরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের খবরও পাওয়া যায়।
এরপর পুলিশ দ্বিতীয় দফায় টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা সেখান থেকে সরে যান। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করেননি। অবশেষে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় শ্রমিকদের হামলা ও মারধরের শিকার হয়েছেন চার গণমাধ্যমকর্মী।
আহতরা হলেন- ঢাকা মেইল ও স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, বণিক বার্তা ও একাত্তর টিভির সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন ও তার সহযোগী উজ্জ্বল হোসাইন এবং বৈশাখী টিভির ভিডিও জার্নালিস্ট নিলয়।