Dhaka Mail Logo

জাতীয়

ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ এএম

বিএনপির আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রতিনিধি দল অবতরণ করেন। তাদের স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় বিমানবন্দরে ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর এমপি, অ্যাডভোকেট আবদুস সালাম এমপি ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার কামরুল ইসলাম।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তার নেতৃত্বাধীন বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দলের অপর সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্সও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সদস্যরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন।

সফরকালে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, রাজনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এলএ