নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
জাতীয় সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সংসদ সচিবালয়। এ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রমে কাজের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা এড়াতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীনের পাঠানো এক সংবাদ বলে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের 'ই-বাংলাদেশ পার্লামেন্ট' প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করে কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। সভায় কমিটির সদস্য হইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, হমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ অংশগ্রহণ করেন।
এতে বলা হয়েছে, সভায় সংসদীয় কার্যক্রমকে অধিকতর আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে 'ই-বাংলাদেশ পার্লামেন্ট' প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন এবং প্রকল্পের আওতাভুক্ত কাজের পুনরাবৃত্তি পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পরিমন্ডলে গ্রহণযোগ্যতা ও পরিচিতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পের নাম 'ই-পার্লামেন্ট' পরিবর্তন করে 'ই-বাংলাদেশ পার্লামেন্ট' রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকল্পের আওতায় সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমের মধ্যে যাতে কোনো ধরনের পুনরাবৃত্তি বা কাজের দ্বৈততা (ওভারল্যাপিং) না থাকে, তা নিশ্চিত করতে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সাঈদ আল নোমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্টুকে নিয়ে এ উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটিকে প্রকল্পের সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএইচএইচ/এআর