Dhaka Mail Logo

জাতীয়

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রী আরও ১ কোটি টাকা বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গতকাল সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে ৩ কোটি টাকা অনুদানের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৬ উদযাপিত হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

সারসংক্ষেপে চলতি ২০২৬ সালে বড়দিন উদযাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত অর্থের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন।

এআর