জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
রাজধানীর কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে যে ভাড়া বাসায় অভিযান চালানো হয়েছে, সেই বাসার মালিক ও মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মহানগরীর বনানীর কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা এলাকায় রাকিবের ভাড়া করা তিন কক্ষের একটি বাসায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অভিযানের সময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া হেরোইন (ওজন ১০ গ্রাম) এবং মাদক বিক্রির ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। অভিযানের সময় রাকিব হোসেন (২৫) পালিয়ে যান।
অধিদপ্তর আরও জানায়, পলাতক রাকিবের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকের দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা হয়েছে।
এমআইকে/এআর