নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে বিনিয়োগ ও টার্মিনাল পরিচালনায় প্রস্তুত রয়েছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল। এ প্রকল্পে বিনিয়োগ এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিকও উঠে আসে।
বৈঠকে হাইকমিশনার ডেরেক লো বলেন, বে টার্মিনাল চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এতে দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নৌপরিবহন মন্ত্রী বলেন, বে টার্মিনাল নির্মাণ বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে, পণ্য পরিবহনে গতি আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

শেখ রবিউল আলম বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক খাতের উন্নয়নে দেশটির অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বন্দর উন্নয়ন, বিনিয়োগ ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ/এআর