০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিম গ্রুপ টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন বলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় সিম গ্রুপ টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে।
পরে দগ্ধ অবস্থায় রাত ১১টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন- ইসমাইল (৩০), কামরুল (৫৫), নাইমুল (৩০) ও তপন (৩৮)। তারা সবাই ওই টেক্সটাইল মিলের কর্মচারী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হযয়েছে। তাদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, নাইমুলের ৪২ শতাংশ এবং তপনের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় নাইমুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্যদেরও বার্ন ইনস্টিটিউটে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা কাজ করছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএমআর/এএইচ