Dhaka Mail Logo

জাতীয়

নিউমার্কেটের একপাশে স্বস্তি, অন্য পাশে ফুটপাত দখলের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

রাজধানীর নিউমার্কেটে একপাশে ফুটপাত দখলমুক্ত করে টবে গাছ লাগানোয় পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। গত শনিবার ডিএসসিসির অভিযানের পর বদলে যায় চিত্র। তবে ঠিক বিপরীতে গাউছিয়া মার্কেটের ফুটপাত এখনো দখলে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।

সোমবার (২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের সামনের ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ টবে সাজিয়ে রাখা হয়েছে। আগে যেখানে হকারদের পসরা, দোকানের মালামাল ও নানা ধরনের অস্থায়ী স্থাপনার কারণে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হতো, এখন সেই জায়গায় তৈরি হয়েছে অপেক্ষাকৃত পরিচ্ছন্ন পরিবেশ। 

ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন মানুষ। পাশাপাশি টবে লাগানো গাছগুলো এলাকার সৌন্দর্যও বাড়িয়েছে।

N

তবে নিউমার্কেটের ঠিক বিপরীত পাশের গাউছিয়া মার্কেটের সামনে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানকার ফুটপাতের বড় অংশ এখনো দোকানপাট ও পণ্যের দখলে। কোথাও কাপড়, জুতা ও বিভিন্ন সামগ্রী সাজিয়ে বিক্রি করা হচ্ছে। কোথাও আবার দোকানের মালামাল রাখা হয়েছে ফুটপাতের ওপর। ফলে পথচারীদের অনেকটা বাধ্য হয়েই সড়কের পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে।

একই এলাকার দুই পাশের ফুটপাতের এমন বিপরীত চিত্র নিয়ে পথচারীদের মধ্যেও রয়েছে আলোচনা। তাদের মতে, একটি অংশ দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ প্রশংসনীয় হলেও পুরো এলাকার ফুটপাত ব্যবহার উপযোগী না হলে এর সুফল সীমিত থেকে যাবে।

নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে আসা হাবিবুর বলেন, ‘আগে এই ফুটপাত দিয়ে হাঁটতে গেলে বারবার বাধার মুখে পড়তে হতো। কখনো দোকানের মালামাল, কখনো মানুষের ভিড়ের কারণে ঠিকমতো চলা যেত না। এখন জায়গাটা অনেক সুন্দর হয়েছে। গাছ লাগানোর কারণে পরিবেশও ভালো লাগছে।’

আরেক পথচারী মামুন বলেন, ‘ফুটপাত তো মানুষের হাঁটার জন্য। সেখানে গাছ লাগানো হয়েছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু গাউছিয়ার সামনে এখনো ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। একপাশ ঠিক করে অন্য পাশ আগের মতো রেখে দিলে সাধারণ মানুষের ভোগান্তি পুরোপুরি কমবে না।’

N

একজন নারী ক্রেতা সুবর্ণা বলেন, ‘বাজারে এলে এমনিতেই অনেক ভিড় থাকে। ফুটপাত দখল হয়ে থাকলে শিশু ও বয়স্কদের নিয়ে চলাচল করা কঠিন। নিউমার্কেটের পাশটা এখন অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। গাউছিয়া মার্কেটের সামনেও এমন পরিবেশ চাই।’

তিনি আরও বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ শুধু অভিযান চালানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নিয়মিত তদারকি থাকতে হবে। কয়েক দিন পর আবার যেন আগের মতো দখল হয়ে না যায়, সেটি নিশ্চিত করতে হবে।’

নগর পরিকল্পনাবিদরা বলছেন, নিউমার্কেটের ফুটপাতের পরিবর্তন নগরবাসীর কাছে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। তবে সেই পরিবর্তন তখনই পূর্ণতা পাবে, যখন গাউছিয়া মার্কেটসহ আশপাশের সব ফুটপাতও দখলমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

এম/এএইচ