Dhaka Mail Logo

জাতীয়

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ দেশের সব জাতীয় ছুটির আওতায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করতে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর কার্যকর উদ্যোগ চেয়েছে সংগঠনটি।

রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ ছুটির আওতায় নেই সাংবাদিকরা। জাতীয় ছুটির দিনে দেশের অধিকাংশ মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে হয়। অথচ তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটি নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না।

ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকতা একটি জরুরি ও দায়িত্বশীল পেশা হলেও সাংবাদিকদের বিশ্রাম, ব্যক্তিগত জীবন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অধিকার রয়েছে। পেশাগত দায়িত্বের কারণে তাঁদের সব জাতীয় ছুটি থেকে বঞ্চিত রাখা কাম্য নয়।

তারা আরও বলেন, সংবাদমাধ্যমের কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পালাক্রমে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করা সম্ভব।

বিবৃতিতে ৭ নভেম্বরের ছুটিসহ দেশের সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার জন্য নোয়াবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সাংবাদিকদের শ্রম, ত্যাগ ও পেশাগত অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে নোয়াবের প্রতি জোর দাবি জানিয়েছে ডিআরইউ।

এমআর/এআর