Dhaka Mail Logo

জাতীয়

৩ মেট্রোরেল স্টেশন আড়াই ঘণ্টা পর ফের চালু

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকা মেট্রোরেলের তিনটি স্টেশন আবার চালু করা হয়েছে।

মিরপুর ১০,১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন আজ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। ট্রেন চলাচল করলেও বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই তিন স্টেশনে ট্রেন থামেনি, যাত্রীও ওঠানামা করেনি। বেলা আড়াইটার পর এসব স্টেশনে ট্রেন থামা শুরু হয় এবং যাত্রীরা ওঠানামা করেন। তবে সব গেট খুলে দেওয়া হয়নি।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে ২০১ ও ২০২ পিলারের মাঝে রাস্তার ওপর পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। আগুনের তাপে স্টেশনের পানির লাইনের পাইপ পুড়ে গেছে। সেখান থেকে পানি চুইয়ে ডিভাইডার থেকে রাস্তায় গড়িয়ে পড়তে দেখা গেছে।

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। 

মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিরাপত্তাকর্মী খালিদ হাসান বলেন, আন্দোলনের সময় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্টেশনে ওঠানামার সব গেট বন্ধ করে দেওয়া হয়। দুপুর আড়াইটার পর দুটি গেট খুলে দেওয়া হয়। এরপর থেকে এই স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়েছে। তবে দুটি গেট এখনও বন্ধ রয়েছে। 

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ হানিফ জানান, রোববার দুপুর ১টার পর আন্দোলনকারীরা চলে গেছেন। এরপর থেকে সড়কে চলাচল স্বাভাবিক হয়।

এফএ