Dhaka Mail Logo

জাতীয়

বাসায় ডিজে পার্টি: অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

রাজধানীর ভাটারার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজ বাসায় ডিজে পার্টির আয়োজন করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। 

এর আগে গত ১৯ অক্টোবর জহিরকে পুলিশ সদর দফতর থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। 

মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় ওই কর্মকর্তার বাসায় অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মাশেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচার-বহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী বলেও এতে বলা হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী ২৫ অক্টোবর থেকে জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

এমআইকে/এএইচ