জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি প্রতারক চক্র গুগল ফরম পূরণ করে মানুষের সঙ্গে নিয়োগ নিয়ে প্রতারণা করছে। বিষয়টি নজরে আসায় এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিমান জানায়, ‘এ বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে যে, প্রচারিত উক্ত গুগল বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সংশ্লিষ্টতা নেই। বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি।’
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগসংক্রান্ত আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেলিটক এর নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
‘এমতাবস্থায়, বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য প্রদান কিংবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’, বলা হয় বিমানের সতর্কবার্তায়।
সতর্কবার্তায় আরও জানানো হয়, জনসাধারণকে বিমানের নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার অনুরোধ জানানো হচ্ছে।
এমআইকে/এএম