Dhaka Mail Logo

জাতীয়

‎তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের দুইদিনেও মামলা করেনি পরিবার

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

‎রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট একে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের দুইদিন পাড় হলেও থানায় কোন মামলা কিংবা অভিযোগ করেনি তার পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই তা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০ টায় মামলা দায়ের না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উত্তরখান থানা পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর তার মরদেহ ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়েছে। দাফন কার্যক্রম শেষ করার পরও পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা কিংবা অভিযোগ করা হয়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত তাহসিফ সাউরির ঘনিষ্ঠ জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এছাড়াও শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি তাহসিফ সাউরির কি না, তা যাচাই-বাছাই করছে পিবিআই সদর দফতর।
‎
‎এদিকে শুক্রবার বিকেলে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম গণমাধ্যমে জানিয়েছেন, নিহত ফ্লাইট লেফটেন্যান্ট একেএম তাহসিন সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে।
‎
‎তিনি আরও জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। পরিবার মামলা না করলে আইনানুগ ব্যবস্থা হিসেবে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
‎
‎এরআগে তাহসিফের মৃত্যুর আগে তার গতিবিধি নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। ফুটেজে দেখা যায়, জুনিয়র ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে হাত মেলাচ্ছেন তাহসিফ। এরপর তারা আলাদা মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন।


‎এ বিষয়ে উত্তরখান থানার ইনচার্জ (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট একেএম তাহসিন সাউরির মৃত্যুতে এখন পর্যন্ত পরিবারের কেউ মামলা কিংবা লিখিত কোন অভিযোগ দেয়নি। আমরা তার পরিবারের সদস্যদের অপেক্ষায় বসে আছি। তারা থানায় আসা মাত্রই আমরা মামলা দায়ের করবো। এছাড়াও, যদি তার পরিবারের সদস্যরা কোন মামলা দায়ের না করে, তাহলে আমাদের সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো।
‎
‎একেএস/এমএইচআর