Dhaka Mail Logo

জাতীয়

‎মরদেহ নিয়ে বিপাকে মর্গ, সাউরির মরদেহ নিতে আসেননি স্বজনরা

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নিয়ে এসেছে নৌ পুলিশ। তবে, হাসপাতালের মর্গে থাকা বিমান বাহিনীর এই সাবেক কর্মকর্তার মরদেহ গ্রহণ করতে আসেননি কোনো স্বজন।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা দেড়টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলেও তার স্বজনদের দেখা মেলেনি।
‎
‎হাসপাতালের মর্গ সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাত ৯টায় উত্তরা নৌপুলিশের সদস্যরা সাবেক বিমান বাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ হাসপগাতালের মর্গে নিয়ে আসে। এরপর পর্যায়ক্রমে আজ সকালে ডাক্তার আসার পর তার মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। তবে, গতকাল রাতে মরদেহের সঙ্গে একজন স্বজন এসে মরদেহ দিয়ে গেলেও আজ কোনো স্বজন এখন পর্যন্ত আসেননি। এমন ঘটনা নিয়ে বিপাকে পড়েছে মর্গ কর্তৃপক্ষ।
‎
‎এদিকে, সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার মরদেহ নিয়ে আসা নৌপুলিশের কন্সটেবল হানিফ বলেন, আমি গতকাল মরদেহ নিয়ে এসেছি। তখন আমাদের সঙ্গে একজন স্বজন এসেছিল। তিনি গতকাল রাতে মরদেহ রেখে চলে গেছেন। এরপর আর কোনো স্বজন হাসপাতালে আসেননি। ময়নাতদন্ত প্রায় শেষ। এখন স্বজনরা দ্রুত না আসলে আমরা কার কাছে মরদেহ হস্তান্তর করব।

‎তিনি জানান, ময়নাতদন্ত শেষেও যদি কোনো স্বজন না আসে। তাহলে আমরা মরদেহ হাসপাতালের মর্গে রেখে দেব। পরে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে যেভাবে দাফন করা যায়; সেভাবেই তা করা হবে।

উল্লেখ্য, তার মৃত্যুর পর জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ের যেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেই ভিডিও অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ধারণ করে ছড়িয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন অনেকে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।
‎
‎একেএস/এফএ