Dhaka Mail Logo

জাতীয়

বাংলাদেশ-স্পেন বৈঠক: দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে আশাবাদী ঢাকা

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

স্পেনের পররাষ্ট্র এবং বিদেশ বিষয়ক মন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিয়োর সঙ্গে দ্বিপক্ষী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় বুধবার (২ (২৮ অক্টোবর) স্পেনের মাদ্রিদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী সকালে স্পেনের তোলেদোয় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যতের কূটনৈতিক এনগেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উভয়পক্ষ ব্যবসায়ী পর্যায়ে (বি টু বি) যোগাযোগ বৃদ্ধি, রফতানি পণ্যে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের মতো নতুন পথ খুঁজে বের করার তাগিদ দেয়।

সংস্কৃতিক সহযোগিতার বিষয়ে প্রস্তাবিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়া ক্রীড়া কূটনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, শিল্পকলা এবং পর্যটনখাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, অভ্যন্তরীণ পর্যায়ে সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং খেলাধুলা দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবদানের প্রশংসা করে প্রতিমন্ত্রী দক্ষ অভিবাসনের জন্য বৈধ পথ সুগম করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশী কর্মীদের জন্য ইইউ ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগে স্পেনকে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিয়ো জানান, বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিতে প্রস্তুত স্পেন। দুই দেশের মধ্যে ভবিষ্যতের যৌথ উদ্যোগের সম্ভাবনাকে তিনি অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবে অভিহিত করেন।

আলোচনায় দুইপক্ষই ঝুলে থাকা দ্বিপক্ষীয় চুক্তি ও প্রক্রিয়াধীন অন্যান্য বিষয়াবলি দ্রুত নিষ্পত্তিতে সম্মত হন। পাশাপাশি খুব শিগগিরই ২য় বাংলাদেশ-স্পেন ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) আয়োজন এবং দুই দেশের উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

এসএইচ/এসআই