Dhaka Mail Logo

জাতীয়

স্বচ্ছতায় বিশ্বাস করি, উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইন-শৃঙ্খলা সমমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।’

cec
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমমন্বয় সেল পর্যবেক্ষণ করছে সিইসি।

সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, ‘আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।’

সকাল ৮টা থেকে এই আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

এমএইচএইচ/এমআর