নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ এএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে ইতোমধ্যেই ভোটের নিরপেক্ষ পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণের উপযোগী পরিবেশ আছে কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
ভোটের পরিবেশ খারাপ হলে শেষ পর্যন্ত প্রার্থী নির্বাচনে থাকবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো ইলেকশন করার জন্য প্রার্থী দিয়েছি। ইলেকশনে না থাকার জন্য প্রার্থী দিইনি। পরিস্থিতি যদি ভোটের দিনও সেই পর্যায়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নেব।’
আযাদ আরও বলেন, এখনো তাদের অভিযোগ রয়েছে। সেগুলো কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। ভোটের দিনই হবে বাস্তব পরীক্ষা। এদিনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এরপর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘কোনো অভিযোগকেই ছোট করে দেখার পক্ষপাতী নই আমি। অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনমূলক অবস্থানও নিতে চাই না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমরা পাইনি এবং ইনশাআল্লাহ পাবোও না।’
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ উপলক্ষ্যে মাঠে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের জন্য বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন।
নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ভোটের দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি, এসআরবি ২৫১ সদস্য, পুলিশ ২২৭২ জন এবং আনসারের ২৪০৫ নিয়োজিত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার ৪ জন। মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি।
ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি থেকে পদত্যাগ করেন। সে অনুযায়ী আসন শূন্য হলে নির্বাচনের তফসিল দেয় কমিশন।
এ নির্বাচনে পোস্টার ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ২৯৫ জন ভোটার আবেদন করেছিলেন। এদের মধ্যে ২৮৯টি অনুমোদন হয়েছে, বাতিল ছয়টি। ২৯টি আবেদন এসেছে প্রবাস থেকে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আলোচিত দুই প্রার্থী হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা)।
অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এএইচ