Dhaka Mail Logo

শিক্ষা / জাতীয়

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী

২৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম

চলতি মাসের আগামী শনিবার ৩১ অক্টোবর সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

শিক্ষা মন্ত্রী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একজন আইকনকি ক্যারেক্টার। ওনার জীবন থেকে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। সেজন্য এই বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া হয়েছে মাওলানা ভাসানী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওনার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশর গড়ার জন্য উনি নিরলসভাবে কাজ করছেন।

যথাসময়ে বই উৎসব হবে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে বই দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছিলাম ২০০৬ সাল পর্যন্ত। আবার আমরা এসেছি, যথা সময়ে এবার ২৭ যাবে না ২৬ এর ভিতরে বই বিতরণ হয়ে যাবে। বইয়ের কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়া হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দিবো।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ৪টি নতুন বই  করেছি। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে (লার্নিং উইথ হ্যাপিনেস আনন্দময় শিক্ষা) এবং আমার কারিগরি শিক্ষা। সেই সাথে জেলা শহরগুলোর জন্য কীভাবে ট্রাফিকের ব্যবস্থা শিখতে হয়, জানতে হয় এর জন্য ক্লাস ৫ এবং ৬ এ বই দিচ্ছি।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রতিনিধি/ইএইচ