Dhaka Mail Logo

জাতীয়

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।

সভায় মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তর প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স।

এ সময় তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়াতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।

ডাকাতির মামলা রেকর্ড করা এবং দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন তিনি। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যাতে এসব মামলায় সাজার হার বাড়ে। এ ছাড়া অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অতিরিক্ত আইজি বলেন, সমাজে ইতিবাচক ভাবমূর্তির অধিকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

সম্প্রতি সমাপ্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হওয়ায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষে ধন্যবাদ জানান তিনি।

সভায় ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমআইকে/এআর