Dhaka Mail Logo

জাতীয়

সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

বর্তমান সরকার ক্রসফায়ার চায় না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয় নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকার ক্রসফায়ার চায় না, বরং ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স। আইজিপি সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত এমন কথা বলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সরকার বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘আইনের শাসন সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ারে মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার যা যা দরকার, সব করবে।’

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করলে একপক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।’

ক্রসফায়ার নিয়ে আইজিপির ওই বক্তব্যের পর নানা মহল থেকে সমালোচনা শুরু হয়। বিরোধী দল জামায়াত-এনসিপিসহ বিশিষ্টজনেরাও এ বক্তব্যের নিন্দা জানান। এমনকি আইজিপিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে।

এমনকি, মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের সমালোচনা করেন সরকারি দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও। যদিও সোমবারই পুলিশ সদর দফতর এ ব্যাপারে বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে।

এএইচ