নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
ঢাকার খাল ও সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খালে ময়লা ফেলা বন্ধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। একই সঙ্গে পরিষ্কারের পর খালে ময়লা ফেললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১১-এর প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নগরবাসীকে সেবা দেওয়ার দায়িত্ব পালন করবে। তবে খাল পরিষ্কার, সৌন্দর্যবর্ধন ও নগরকে সবুজায়নের মতো উদ্যোগ সফল করতে নগরবাসীকেও সচেতন হতে হবে এবং সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, এর আগেও প্যারিস খাল একাধিকবার পরিষ্কার করা হয়েছে। প্রতিবারই এলাকার বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, তারা যেন খালে যেখানে-সেখানে ময়লা না ফেলেন। কারণ, খালে ময়লা ফেললে মশার প্রজনন বাড়ে, যার ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকেই।
তিনি বলেন, ফুটস্টেপস ও অন্যান্য যুব সংগঠনের উদ্যোগে প্যারিস খাল পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন দিন ধরে এ কার্যক্রম চলবে। এ সময় এলাকাবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি খাল পরিষ্কারের পরও সেটি পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
খালের পাশের ভবন থেকে ময়লা ফেলার বিষয়ে উদ্বেগ জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, পাঁচ-ছয়তলা ভবন থেকেও অনেকে ময়লা খালে ফেলে দেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। নগরবাসীকে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন খাল উপহার দিতে চায় ডিএনসিসি। কিন্তু নাগরিকদের অসচেতনতার কারণে সেই উদ্যোগ ব্যাহত হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, সড়ক নির্মাণের পর সেখানে লোহার রডসহ বিভিন্ন জিনিস ফেলে সড়কের ক্ষতি করা হচ্ছে। নগরবাসীকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে নগরবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সহযোগিতায় মিরপুরের ১০ নম্বর গোলচত্বর এলাকার দীর্ঘদিনের দখল হয়ে থাকা ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। প্রায় দুই মাস ধরে সেখানে অবৈধ হকারদের বসতে দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ সফল হয়েছে। এই সচেতনতা ধরে রাখতে হবে। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্যান্য এলাকাতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ডিএনসিসি কাজ করছে। এসব উদ্যোগ টেকসই করতে নগরবাসীর অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে উপস্থিত ছিলেন।
এম/এসআই