নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আগামী পাঁচ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রকাশিত তালিকায় কোনো নাগরিকের তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ জুলাই) ইসির যুগ্মসচিব মো.আব্দুল হালিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ১৫০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে নিয়োগকৃত কর্মকর্তার পদবি এবং সংশোধনকারী কর্তৃপক্ষের জন্য নির্ধারিত এলাকা বা অধিক্ষেত্র উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা মোতাবেক প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত অথবা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ধারা-৩ এর দফা (জ)-এর অধীন ঘোষিত সময়কালের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদের বিধান রয়েছে। সেই মতে, ৩১ অক্টোবর ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম, এমন ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, ভোটার তালিকা হালনাগাদপূর্বক তাদেরকে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্দেশ্যে ভোটার এলাকা বা অধিক্ষেত্রসমূহের খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার জন্য এতদ্বারা সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হলো।
ইসির ভোটার তালিকা প্রকাশের সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট লিংক প্রেরণের শেষ তারিখ আগামী চার নভেম্বর; খসড়া ভোটার তালিকা প্রকাশ পাঁচ নভেম্বর; দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর; সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর; দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর এবং হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এমএইচএইচ/এসআই