Dhaka Mail Logo

জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মানবপাচারকারীদের প্রলোভনে দেশটিতে গিয়ে তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে দেশে ফেরেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে ফেরা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন সময়ে তাদের অনেককে অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

এ সময় প্রত্যাবাসিত বাংলাদেশিদের নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে বন্দি বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

এম/এএস