নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম
রাজধানী ঢাকাকে স্বস্তিদায়ক ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সব স্তরের নাগরিকের সক্রিয় সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগান গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৫ থেকে ২১ নম্বর ওয়ার্ডের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা কামনা করেন।
সভায় মন্ত্রী শেখ রবিউল আলম সিটি করপোরেশনের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অর্থ লুটপাট ও বিগত সময়ের অপব্যবহারের ক্ষতি কাটিয়ে উঠে একটি স্বস্তিদায়ক ও আধুনিক নগর গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সব স্তরের নাগরিকের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার নাগরিক প্রতিনিধিরা অংশ নেন।
সভায় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতির অপ্রতুলতা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবায় জটিলতার কথা তুলে ধরেন। প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে এসব সমস্যার বিষয়ে তাৎক্ষণিক ব্যাখ্যা নেন এবং দ্রুত সমাধানের নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতা রাজধানীর অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে। নিউমার্কেটসহ আশপাশের এলাকার প্রধান সড়ক থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি চালু করা হবে। রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না। তবে শৃঙ্খলা মেনে চলা হকারদের জন্য মতিঝিলের মতো নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থা করা হবে।
নাগরিক সেবায় কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, নাগরিকদের সেবা পাওয়া মৌলিক অধিকার। সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে কিংবা নাগরিকদের চাহিদা পূরণে ব্যর্থ হলে তা সরাসরি জানাতে হবে। এ ক্ষেত্রে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের জন্য উপস্থিত নাগরিক প্রতিনিধিরা ডিএসসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম/এএইচ