Dhaka Mail Logo

অর্থনীতি

টানা চার দফায় সোনার দাম কমেছে ১০৪৩৯ টাকা, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা। সর্বশেষ গত রোববার (২৫ অক্টোবর) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) দেশের বাজারে এই দামে সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন করে দাম পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্ধারিত দাম কার্যকর থাকবে।

এর আগে গত ১৩, ২২ ও ২৩ অক্টোবর তিন দফায় সোনার দাম কমানো হয়। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমেছিল ৭ হাজার ১১৫ টাকা। সর্বশেষ দফার মূল্যহ্রাসসহ চার দফায় মোট দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা।

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে বিভিন্ন মান অনুযায়ী। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

এমআর/এএস