নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা চান।
আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অগ্নিনিরাপত্তা জোরদার ও সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করে ডিএসসিসি।
সভায় প্রশাসক আবদুস সালাম বলেন, পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। অতীতে রাসায়নিক পদার্থের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের দ্রুত প্রবেশের পথ উন্মুক্ত রাখা জরুরি।
তিনি বলেন, পুরান ঢাকার অনেক সড়কে দোকানপাট ও অবৈধ দখলের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্বাভাবিক চলাচলের পাশাপাশি দুর্ঘটনার সময় উদ্ধারকাজও বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
পুরান ঢাকার অবকাঠামোগত ও নাগরিক সমস্যার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও সড়কের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সড়কবাতি সচল রাখা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে এলাকার পরিবেশ উন্নত করতে সিটি করপোরেশন কাজ করবে।
এলাকার সামগ্রিক উন্নয়নে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মৌলভীবাজার, চকবাজার, সোয়ারীঘাট ও সদরঘাটের ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শুধু সমস্যার কথা না বলে সমাধানের পরামর্শও দিতে হবে। তাদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
এ সময় নির্বাচিত কাউন্সিলর না থাকায় নগরের সামাজিক ও নাগরিক সমস্যা সমাধানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত ব্যবস্থা ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা বিধিমালা মেনে চলা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম সচল রাখা, বিদ্যুৎ ও গ্যাসলাইন নিয়মিত পরীক্ষা করা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এম/এআরএম