Dhaka Mail Logo

জাতীয়

হ্যান্ডব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে এলো প্রায় ৩ কোটির স্বর্ণের চুড়ি

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

গ্রিন চ্যানেলে স্বর্ণালংকারের ঘোষণা দেননি। জিজ্ঞাসাবাদে অস্বীকার করেন স্বর্ণ বহনের কথা। তবে শেষ পর্যন্ত হ্যান্ডব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের চুড়ি আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। বেলা ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা যাত্রী মো. শরিফ (পাসপোর্ট নম্বর: A01009640) বিমানবন্দরে অবতরণ করেন।

S

পরে ওই যাত্রী স্বর্ণালংকারের কোনো ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।

তবে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহ হওয়ায় তার ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে ওই যাত্রীর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

উদ্ধার করা চুড়িগুলোর মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করাদিসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমআর/এএইচ