জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম
গার্মেন্টস শ্রমিকদের মাসিক বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক অধিকার আন্দোলন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে এক সংক্ষিপ্ত সমাবেশে এমন দাবি জানানো হয়।
এরপর তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কদম ফোয়ারার দিকে যায় এবং মিছিল পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সমাবেশে সংগঠনটির সভানেত্রী মোশরেফা মিশু দাবি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির প্রসঙ্গ তুলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।
একই সঙ্গে চলতি অক্টোবর মাসের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রমিক নেতা মিশু বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে এখনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তার দাবি, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের বড় অবদান রয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে শ্রমিকেরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছিলেন। ওই আন্দোলনে চারজন শ্রমিক নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য বারবার আন্দোলনে নামতে হওয়া অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি নির্ধারণের পর তিন বছর পেরিয়ে যাচ্ছে। অথচ নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। অন্তর্র্বতী সরকারের সময় পেরিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এই শ্রমিক নেতা বলেন, চলতি মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও মজুরি বোর্ড গঠনের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শ্রমিকেরা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হতে পারেন বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় থাকলেও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। এ সময় আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা সাইফুল ইসলাম ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা ইকবাল কবিরসহ আরও অনেকে।
এমআইকে/এআরএম