Dhaka Mail Logo

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো সম্পৃক্ততা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ এবং বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে একটি কার্যকর জাতিসংঘ এবং শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিকতাকে এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণসহ বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথাও উল্লেখ করেন শামা ওবায়েদ।

চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সংলাপ উৎসাহিত করা, ঐকমত্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ভূমিকা রাখছে।

টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আকাঙ্ক্ষা পূরণের পথে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাজারে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার জরুরি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং সমান সুযোগ পাওয়ার পথে বিদ্যমান বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা এগিয়ে নিতে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো উদ্যোগের ভূমিকার ওপরও জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এএইচ/এএইচ