২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আলমগীর হোসেন নাটোর জেলার বাগাতিপাড়া থানার শালকোনা গ্রামের মৃত কলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই বসবাস করতেন এবং নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ৮/এ নম্বর রোডের ৩৯৬৮/৩৯৬৯ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনে যায়। সেখানে ভবনের ভেতরে থাকা একটি টিনের ছাপরা ঘর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, ‘ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তাকে গলা চেপে ও শরীরে আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের গলায় আঙুলের ছাপ, ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত এবং থুতনির (চিপ) বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে একে গলা টিপে শ্বাসরোধে হত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমএমআর/এএম