নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান। এতে বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন করেছে সরকার।
সর্বশেষ গত ৫ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আবারও রাত ৮টায় দোকানপাট বন্ধের নিয়ম কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সুযোগ ছিল। তবে ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের সময়সূচি বহাল রাখার কথা জানানো হয়।
চলতি বছর জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে দোকানপাট বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। তখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা কার্যকর ছিল।
দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় সেই সময়সূচিতে আবারও ফিরে যাচ্ছে রাজধানীর শপিংমল, মার্কেট ও দোকানপাট।
এম/এআরএম