Dhaka Mail Logo

জাতীয়

এবার লেবাননে অনৈতিক কাজের অভিযোগে বাংলাদেশি নারী আটক

ঢাকা মেইল ডেস্ক

২২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

লেবাননে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নারীকর্মীসহ সাত নারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক বাংলাদেশি নারীর নাম বিথী শিকদার।

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) বিচার বিভাগীয় পুলিশ ইউনিটের অধীন মানব পাচার ও নীতি-নৈতিকতা সুরক্ষা বিভাগ দুটি পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে। সম্প্রতি সৌদি আরবে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশি তরুণ-তরুণীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই এমন খবর সামনে এলো। 

নিরাপত্তা বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাসড়ক ও উপকূলীয় এলাকায় অবস্থান নিয়ে অনৈতিক কার্যকলাপের উদ্দেশ্যে গ্রাহক আকর্ষণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দুটি ধাপে উপকূলীয় এলাকায় অভিযান চালানো হয়। প্রথম অভিযানে গত ১২ অক্টোবর দোহা এলাকার সমুদ্র উপকূলীয় সড়কে টহল দেওয়ার সময় তিন তরুণীকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন ফিলিস্তিনি নাগরিক এবং দুজন রাষ্ট্রহীন বা অনিবন্ধিত নাগরিক।

দ্বিতীয় অভিযানটি চালানো হয় ১৮ অক্টোবর জুনি এলাকার মা’আমেলতাইন উপকূলীয় মহাসড়কে। এ অভিযানে আরও চার নারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন লেবাননের নাগরিক, একজন সিরীয় নাগরিক, একজন অপ্রাপ্তবয়স্ক তরুণী এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশি নারীকর্মীর নাম বিথী শিকদার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা ওই এলাকায় অবস্থান করে অনৈতিক কার্যকলাপের উদ্দেশ্যে গ্রাহক আকর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তাঁদের জবানবন্দি গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারকের নির্দেশে বিচার বিভাগে সোপর্দ করা হয়েছে।

লেবানেন অনৈতিক কাজের অভিযোগে বাংলাদেশি নারীসহ আটক ৭।
লেবানেন অনৈতিক কাজের অভিযোগে বাংলাদেশি নারীসহ আটক ৭। 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটির নেতৃবৃন্দসহ জুনি এলাকায় বসবাসরত সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের মতে, গুটিকয় নারীকর্মীর বিরুদ্ধে বেআইনি বা আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কারণে পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের ধারণা, স্থানীয় কিছু অসাধু চক্রের সহায়তায় এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। এর ফলে ব্যক্তিগত জীবনের পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।

এ পরিস্থিতিতে লেবাননে বসবাসরত সব বাংলাদেশিকে বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, স্থানীয় আইনকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। দেশটির কঠোর আইন প্রয়োগ ও নজরদারির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে দূতাবাসের প্রতিক্রিয়া জানতে চাইলে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয়প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তবে স্থানীয় যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে দূতাবাসকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানার পর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা হলেন নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে দেশটির সংবাদমাধ্যম জানায়, মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আদালত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে সৌদি কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি।

প্রতিনিধি/এআর