নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
রাজধানীর মিরপুরের ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুনের তিন ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতো বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান ওরফে জয়,সানজিম হাসান ও অমিত হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, সন্ত্রাসী মশিউর রহমান ও সন্ত্রাসী জামিলুর রহমান ওরফে জামিলের ভাগ্নে (তারা সন্ত্রাসীদের বড় বোন নাসিমা বেগমের ছেলে)। গ্রেফতারকৃত মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’ এর প্রধান মফিজুর রহমান মামুনের চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত।
জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানোর তথ্য পাওয়া গেছে।
এছাড়াও, গ্রেফতারকৃত সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদার জানান, মিরপুরের ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের বিভিন্ন জুট ব্যবসা দখল, চাঁদাবাজির ঘটনায় তাদের মূলহোতাসহ দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও, মিরপুর এলাকায় অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
একেএস/এআরএম