নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পিএম
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কারও করুণা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি, বিভাজন, অনৈক্য কিংবা সংঘাত চাই না। আমরা সম্প্রীতি চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমাদের সবার একটাই পরিচয়—আমরা এই দেশের মানুষ। ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের মধ্যে কোনো বিভাজন তৈরি হোক, তা আমরা চাই না।
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি এই এলাকারই সন্তান, আপনাদের ভাই, বন্ধু ও প্রতিবেশী। আপনাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আপনাদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা আমার দায়িত্বের অংশ।
শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এসময় তিনি বলেন, “আমি আশা করি, আপনারা শান্তিপূর্ণভাবে, আনন্দের সঙ্গে এবং নিজেদের অধিকার নিয়ে পূজা উদ্যাপন করছেন। কোথাও কোনো সমস্যা হলে কিংবা কারও নাগরিক অধিকার ব্যাহত হচ্ছে বলে মনে করলে আমাকে জানাবেন। আপনাদের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, এটি কোনো করুণা নয়।
ঢাকা-১০ আসনের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এলাকার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের বয়স এখনও আট মাস। এরই মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে এবং আগামী দিনে আরও উন্নয়ন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে সরকার সজাগ রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
এসএইচ/আরআর