Dhaka Mail Logo

জাতীয়

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জনসভা শেষে যাবেন পূজামণ্ডপ পরিদর্শনে

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রংপুর থেকে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে যাচ্ছেন। সেখানে জনসভায় বক্তব্য দেওয়ার পর ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর।

এর আগে আজ রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীতে আসেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজার নবমীতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখার পাশাপাশি মতবিনিময় সভায় অংশ নেন সরকারপ্রধান।

image

মঙ্গলবারের সফরসূচি অনুযায়ী, রাজশাহীর কর্মসূচি শেষে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

এআর