নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে অন্যান্যবারের তুলনায় এবার গণপরিবহনের সংকট কম থাকলেও কোনো কোনো পরিবহনের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড় ও যাত্রাবাড়ী মোড়, দুলাইরপাড় এলাকায় ঘরমুখো মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বরিশাল, পিরোজপুর, শরীয়তপুর, মাদারীপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ বিভিন্ন রুটে একের পর এক বাস ছেড়ে যেতে দেখা যায়। কাউন্টারগুলোতে যাত্রীদের ডাকাডাকিও ছিল।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ছুটি শুরু হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে। তবে পর্যাপ্ত বাস থাকায় এবার পরিবহন সংকট তেমন নেই। অন্যদিকে, যাত্রীদের অভিযোগ, চাপের সুযোগ নিয়ে কোনো কোনো বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
ফেনীর দাগনভূঞার বাসিন্দা সোহেল আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘আমরা যারা শহরে থাকি, নানা ব্যস্ততায় গ্রামে যাওয়া হয় না। এখন বাচ্চাদের ছুটি, অফিসও বন্ধ। তাই গ্রামে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি।’
তিনি বলেন, এবার গণপরিবহনের সংখ্যা যথেষ্ট মনে হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বী সুমন সরকার ঢাকা মেইলকে বলেন, ‘দুর্গাপূজা আমাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব। পূজার ছুটি পেয়েছি, তাই গ্রামে গিয়ে সময় কাটাব। পিরোজপুরের নাজিরপুরে নিজের গ্রামে গিয়ে পূজা-অর্চনা করব।’
শরীয়তপুরের ভাড়া ৩৫০ টাকা
যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর প্রান্ত থেকে শরীয়তপুর রুটে বাস চলাচল করে। এ রুটের ফেম পরিবহনের টিকিট বিক্রেতারা জানান, ছুটি শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা অনেক বেশি। সোমবারও যাত্রী ছিল। শরীয়তপুরের ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা।
শরীয়তপুরের নড়িয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন রাসেল হোসেন। তিনি বলেন, ‘গাড়ি যেমন আছে, যাত্রীও আছে। তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আগে শরীয়তপুরের ভাড়া ছিল ২৫০ টাকা। তেলের দাম বাড়ার পর ২৮০ টাকা করা হয়েছে। কিন্তু এখন ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা।’

বরিশাল যেতে গুনতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা
বরিশালে যাওয়ার জন্য সপরিবারে সায়েদাবাদের জনপথ মোড়ে অপেক্ষা করছিলেন আব্দুর রহমান। তিনি একটি ভোগ্যপণ্যের বিপণনকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তার শ্বশুরবাড়ি বরিশালে। ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে বেড়াতে যাচ্ছেন।
কুমিল্লা রুটেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তাদের ভাষ্য, অন্যান্য সময়ে এ রুটে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৩০০ টাকা।
তবে সায়েদাবাদে কুমিল্লা রুটের তিশা পরিবহনের কর্মী শাহাদাত হোসেন বলেন, ‘আমরা সরকারি ভাড়ার চেয়ে বেশি নিই না। অন্য সময়ে ভাড়া কম নেওয়া হয়।’
টানা পাঁচ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মঙ্গলবার থেকে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে। আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি চলবে। এ সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কার্যক্রমও বন্ধ রয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এরআগে, গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ফলে ছুটির সুযোগে রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকে। সোমবার বিকেল থেকেই বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। মঙ্গলবারও সেই চাপ অব্যাহত রয়েছে।
.
এমআর/এসআই