Dhaka Mail Logo

জাতীয়

গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জি-ফপের

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

গার্মেন্টস শিল্পে নতুন মজুরি বোর্ড গঠন ও মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (জি-ফপ)। 

সংগঠনটির নেতাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জি-ফপের আহ্বায়ক মির্জা আল শামীম। 

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছে তাদের সংগঠন। এসব দাবির মধ্যে রয়েছে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করা, শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের শিক্ষার সুব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি ও হাসপাতাল নির্মাণ।

শামীম বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে শ্রম আইনে সংশোধন এনে মজুরি বোর্ড গঠনের বিরতি পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

তবে নতুন মজুরি বোর্ড গঠনকে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্প ও দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। 

তার দাবি, ভারতে পলাতক আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা এবং জুলাই গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া রাজনৈতিক সংগঠনের সমর্থনপুষ্ট কয়েকটি নিবন্ধিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নাম পরিবর্তন করে বিভিন্নভাবে উসকানি দিচ্ছে। এর মাধ্যমে কারখানা বন্ধ রাখা এবং বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি রাজধানীর উত্তরায় শ্রমিক আন্দোলনের নামে সংঘটিত ঘটনার উল্লেখ করে মির্জা শামীম বলেন, গত ১২ অক্টোবর একদল বহিরাগত লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় এবং সড়ক অবরোধ করে। এ সময় কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড পোশাকশিল্প ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টা। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু), বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মো. আনিসুর রহমান, জি-ফপের সদস্য আমির হামজা ও মোহাম্মদ শাকিল খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

এম/এএইচ