Dhaka Mail Logo

জাতীয়

৯ সনাতন জুলাই শহীদকে নিয়ে বই ‘বিসর্জন’

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে নিহত নয়জন সনাতন ধর্মাবলম্বীর জীবন ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরে ‘বিসর্জন’ নামে একটি বই প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত বইটিতে গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী, শিশু ও শ্রমজীবী মানুষের কথা তুলে ধরা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ‘বিসর্জন: জুলাই গণঅভ্যুত্থানের সনাতন শহীদেরা’ শিরোনামে বইটি প্রকাশ করা হয়। জুলাই জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বাংলা ভাষায় এটিই প্রথম প্রকাশনা।

বইটিতে স্থান পাওয়া নয়জন হলেন— শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে ও গঙ্গা চরণ রাজবংশী।

তাদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ছয় বছরের শিশু রিয়া গোপের। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নিজ বাসার ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয় সে। পরে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। বইটিতে রিয়াসহ গণঅভ্যুত্থানে প্রাণ হারানো অন্য সনাতন ধর্মাবলম্বীদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে।

জুলাই জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ছিল। আন্দোলনে অন্যদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরাও প্রাণ হারিয়েছেন। তাদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতেই এ প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বইটি প্রকাশের বিষয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, চব্বিশের জুলাইয়ে আমরা দেখলাম, আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমের রাজনীতি হয়ে গিয়েছিল তাদের ক্ষমতার রক্ষার রাজনীতি। এই ক্ষমতা রক্ষার জন্য তারা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে।

Book1

তিনি আরও বলেন, বিসর্জন প্রকাশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে সনাতন শহীদদের বিষয়ে সংকলন তৈরি করা হলো। শারদীয় দুর্গা উৎসবে আমরা তাদের স্মরণ করি গভীর মমতা ও ভালোবাসায়।

জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শতাধিক মানুষের স্মৃতিস্মারক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বী শহীদদের স্মৃতিচিহ্নও রয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিসর্জন’ বইটির মুদ্রিত মূল্য ৫০ টাকা। জুলাই জাদুঘরের পাশাপাশি দেশের বিভিন্ন বইয়ের দোকানেও এটি পাওয়া যাচ্ছে।

এমএইচ/এফএ