Dhaka Mail Logo

জাতীয়

উদ্বোধনের ১৩ দিন পরেও ধানমন্ডি লেক সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নেই

মাহফুজুর রহমান

১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

রাজধানীর ধানমন্ডি লেকের সংস্কার প্রকল্প উদ্বোধন করা হলেও কাজের অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলে কাজ শুরুর বিষয়ে জানা যায়নি। লেকের পরিবেশগত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় সংশ্লিষ্ট উদ্যোগের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

সরেজমিনে লেক এলাকা ঘুরে সংস্কারকাজের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারকাজের বিষয়ে তাদের অনেকেই অবগত নন। ফলে লেকের পরিবেশ উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়েও তাদের মধ্যে স্পষ্ট কোনো ধারণা নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, লেকের সংস্কারকাজ হচ্ছে কিনা, তা আমরা জানি না। কাজ কবে শুরু হবে, সেই বিষয়েও কিছু জানানো হয়নি। লেকের পরিবেশের উন্নয়ন হলে আমাদের সবার জন্য ভালো হবে।

আরেক বাসিন্দা আকবর খান বলেন, এখানে নিয়মিত অনেক মানুষ আসেন। লেকের পরিবেশ সুন্দর ও পরিষ্কার থাকা দরকার। কিন্তু সংস্কারের কাজ কবে শুরু হবে, আদৌ হবে কি না, তা আমাদের জানা নেই।

Lake1

ধানমন্ডি লেক রাজধানীর গুরুত্বপূর্ণ উন্মুক্ত পরিসরগুলোর একটি। প্রতিদিন অনেক মানুষ হাঁটাচলা ও অবসর কাটাতে এখানে আসেন। লেকের পানি, পাড় ও আশপাশের পরিবেশের উন্নয়ন নগরবাসীর জন্য অতীব গুরুত্বপূর্ণ। তবে সংস্কারকাজের অগ্রগতি, বাস্তবায়নের সময়সীমা এবং পরিবেশগত উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, কিছু কারণে আমরা এখনো কাজ শুরু করতে পারিনি। তবে খুব শিগগিরই কাজ শুরু হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে প্রকল্প পরিচালক ডা. শফির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। তবে প্রকল্প পরিচালক ডা. শফির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এম/এফএ