জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম
টিকটকে নিজেকে তান্ত্রিক ও কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কল্যাণপুর ঢাকা উত্তর কার্যালয়ে পিবিআইয়ের এসআইঅ্যান্ডওর বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এর আগে শুক্রবার জামালপুর সদর থানার চর যথার্থপুর ভাটিপাড়া গ্রাম থেকে মিজানুরকে গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, ভুক্তভোগী নুসরাত মরিয়মের (ছদ্মনাম) সঙ্গে টিকটকে ‘তান্ত্রিক গুরু জীবন কবিরাজ’ নামে একটি আইডির মাধ্যমে পরিচয় হয়। পরে নিজের সমস্যার কথা জানিয়ে তিনি ইমো ও মোবাইল ফোনে যোগাযোগ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কবিরাজি উপকরণ কেনার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। টাকা ফেরত চাইলে তাকে অলৌকিক শক্তির ভয় দেখানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। গত ১০ অক্টোবর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই।
তদন্তে পিবিআই জানতে পারে, মিজানুর রহমান বিভিন্ন টিকটক আইডি ব্যবহার করে নিজেকে কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয় দিতেন। হাড়, মাছ, পাখি ও অন্যান্য প্রাণী ব্যবহার করে ভিডিও তৈরি করে সেগুলো টিকটকে প্রকাশের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন তিনি। পরে পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কবিরাজি উপকরণ কেনার কথা বলে টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতারের পর জবানবন্দিতে মিজানুর রহমান প্রতারণার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের এসআইঅ্যান্ডওর বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে সংঘবদ্ধ চক্র প্রতারণা করছে। সামাজিক মাধ্যমে কথিত তান্ত্রিক, কবিরাজ ও অলৌকিক সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোরও পরামর্শ দেন।
এমআইকে/এমআর