Dhaka Mail Logo

জাতীয়

পানি, সড়ক ও আবাসনসহ একনেকে উঠছে ১৫ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পানি সরবরাহ, সড়ক উন্নয়ন, আবাসন, পুলিশ ও প্রতিরক্ষা অবকাঠামোসহ ১৫টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করবেন।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় নতুন ১৩টি প্রকল্পের পাশাপাশি দুটি সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও পাঁচটি প্রকল্পের বিষয়ে একনেকে অবহিত করা হবে।

একনেকের আলোচ্যসূচির প্রথমে রয়েছে স্থানীয় সরকার বিভাগের পাঁচটি প্রকল্প। এগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত সংস্কার ও উন্নয়ন এবং বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্প।

এছাড়া নির্বাচিত পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রবৃদ্ধি প্রকল্প এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নে উদ্ভাবন প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যানবাহন ক্রয় এবং অপারেশনাল যানবাহন ক্রয়সংক্রান্ত দুটি প্রকল্প রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় কর্মকর্তাদের জন্য বি-টাইপ বাসস্থান নির্মাণ এবং সেনাসদর এমটি কোম্পানি এলাকায় গাড়ি পার্কিং ও আবাসিক সুবিধাসহ বহুমুখী ভবন নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ঢাকার জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পও রয়েছে আলোচ্যসূচিতে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে দেশের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস স্থাপন প্রকল্প উপস্থাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদনের জন্য সভায় তোলা হবে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন প্রকল্প রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স কর্মসূচির আওতায় তুরাগ নদীর প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সমন্বিত দূষণ পর্যবেক্ষণ ও প্রয়োগ ব্যবস্থা গড়ে তোলার প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ সড়কে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী একনেকের সভায় তোলা হবে।

অন্যদিকে, পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত পাঁচটি প্রকল্পের বিষয়ে একনেকে অবহিত করা হবে। এগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকীকরণ এবং দেশের শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার প্রকল্প।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যানবাহন চলাচলের অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তা প্রকল্পের প্রথম সংশোধনী, ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের প্রথম সংশোধনী এবং গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান ও যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প রয়েছে এ তালিকায়।

সভায় বিকল্প সভাপতি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এএইচ/এএস