Dhaka Mail Logo

জাতীয়

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে নম্বরপ্লেট সংযোজন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। নম্বরপ্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এ ছাড়া নম্বরপ্লেটে কোনো ধরনের শোভা বর্ধন বা নকশা করা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। সামনের দিকে নিবন্ধন নম্বরের একটি অনুলিপি প্রদর্শন করা যাবে। এ ধরনের নম্বরের উদাহরণ হিসেবে ঢাকা মেট্রো-ল-১১-১২২৯ উল্লেখ করেছে বিআরটিএ।

গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মালিকদের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএইচ/এএস