Dhaka Mail Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সরকারপ্রধান হিসেবে তার জন্য বিশেষ প্রটোকলের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এ নিরাপত্তা ও প্রটোকল বহাল থাকবে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে একদল ব্যক্তি হেনস্তা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ব্যক্তিত্ব ড. ইউনূসের ক্ষেত্রে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ ঘটনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

পাশাপাশি নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং জেএফকে বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এএম