Dhaka Mail Logo

জাতীয়

‘নারীর স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে তরুণদের নেতৃত্ব দিতে হবে'

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

নারীর স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য ও যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকারবিষয়ক বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম।

তিনি বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় শুধু অন্যের সহায়তার অপেক্ষায় থাকলে চলবে না। অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি তা আদায়ে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ১১তম বাংলাদেশ জাতীয় যুব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্মেলনের একটি অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ডা. হালিদা হানুম বলেন, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার রয়েছে। অথচ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয় না। আবার স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোও অনেক সময় কিশোর-কিশোরীদের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারে না।

এ পরিস্থিতির পরিবর্তনে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের স্কুল-কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলতে হবে। স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, হাত পেতে চাওয়ার দরকার নেই, দাবি করতে হবে। আমার অধিকার আমাকে আদায় করতে হবে।

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরে ডা. হালিদা বলেন, অল্প বয়সে বিয়ে এবং গর্ভাবস্থায় যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে অনেক নারী স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। পরিবারের অসচেতনতা ও সামাজিক বাধার কারণে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হয়। এসব সমস্যা মোকাবিলায় তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

তিনি বলেন, নারীর জীবন রক্ষায় বাল্যবিবাহ, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। নিজেদের মেধা, প্রতিভা ও সক্ষমতা কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনার পাশাপাশি নেতৃত্বের গুণাবলিও গড়ে তুলতে হবে।

স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে ডা. হালিদা হানুম বলেন, প্রকল্পের মাধ্যমে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলে অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে সেবার ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

এ জন্য স্বাস্থ্যসেবার উন্নয়নকে টেকসই করতে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় নীতিমালা ও কৌশল গ্রহণের পাশাপাশি সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অধিবেশনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সমন্বিত যৌনশিক্ষাবিষয়ক উপদেষ্টা সৈয়দ মো. নুর উদ্দিন বলেন, স্বাস্থ্য খাতে বিভিন্ন প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে গেলে সেবামূলক কার্যক্রমও ব্যাহত হয়। তাই শুধু প্রকল্পনির্ভর উদ্যোগের ওপর নির্ভর না করে স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নারীর স্বাস্থ্যসহ সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কালের কণ্ঠের সাংবাদিক আবদুল্লাহ আল মিরাজের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন বরগুনার স্বেচ্ছাসেবক ও পিয়ার লিডার বনি আমিন।

এমএইচ/এআর